


শহীদুল ইসলাম রেদুয়ান
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কাঠইর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শিক্ষাবিদ ও কাঠইর ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য বার্তা বহন করে। তিনি ঈদের আনন্দ ধনী-গরিব,ছোট-বড় নির্বিশেষে সকলের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার এবং একটি সুন্দর, সুশৃঙ্খল,শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, মাওলানা মঈনুল হক মুমিন কাঠইর ইউনিয়নের ঘোলেরগাঁও গ্রামের মরহুম মাওলানা আব্দুল ওয়াহিদ (রহ.)-এর দ্বিতীয় পুত্র। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা’র অধীনে হাদীস, তাফসীর ও ফিকহ বিষয়ে কামিল (এমএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়া এমসি কলেজ,সিলেট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট থেকে ডিপ্লোমা ইন এরাবিক ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি পশ্চিম সিলেটের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ কলেজ মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকান্ডেও তিনি সক্রিয়। তিনি ইত্তেহাদুল উলামা পরিষদ সুনামগঞ্জ-এর সহ-সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) ছাতক উপজেলা শাখার সভাপতি এবং মানবিক ফাউন্ডেশন কাঠইর ইউপি’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এলাকায় ঐক্য, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কাঠইর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করার স্বপ্ন তিনি লালন করেন। ১৭টি গ্রাম ও প্রায় ১১ হাজার ১৫৬ জনসংখ্যা নিয়ে গঠিত এই ইউনিয়নে শিক্ষার হার মাত্র ৩৬ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। একটি মাত্র উচ্চ বিদ্যালয় ছাড়া এখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব এবং শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

