মুসাফির ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম ছাতকের উদ্যোগে ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর ছাতক চাঁদনীঘাট পার্কে আয়োজিত এ কর্মসূচিতে শহরে আগত মুসাফির, পথচারী, অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ কঠিন হয়ে পড়েছে। জীবিকার তাগিদে ছাতক শহরে আসা শ্রমজীবী মানুষ, পথচারী ও মুসাফিরদের কথা বিবেচনা করে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
টিম ছাতকের প্রতিষ্ঠাতা ও তরুণ সামাজিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সাঈদ বলেন, ‘সরাইখানা’ টিম ছাতকের অন্যতম জনপ্রিয় মানবিক প্রকল্প। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও ইসলামের মানবিক শিক্ষায় মানুষকে খাবার খাওয়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের মানুষের জন্য অন্তত একবেলা ভালো খাবারের ব্যবস্থা করাই তাঁদের মূল লক্ষ্য। মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।
সংগঠনের সদস্য জুবায়েদ আহমদ বলেন, ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চান তাঁরা। কর্মসূচি বাস্তবায়নে সময়, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন সবার সহযোগিতা ও প্রচেষ্টা কবুল করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সাঈদ, সদস্য মীর তানিব, জুবায়েদ আহমদ, ইফতেখার আহমেদ সাজিদ, ময়নুল ইসলাম, ফয়েজ সাব্বির ও রুহেতুল হক সাহাত।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব মিয়া, তানজিম আহমেদ, বায়েজিদ আহমদ, আরাফাত সানি, হাসান আহমেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, মানুষের প্রতি সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা নিয়ে টিম ছাতক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘সরাইখানা’ প্রকল্পের মাধ্যমে অসহায়, দুস্থ, পথচারী ও মুসাফিরদের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করছে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026