ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতকে প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন দুটি সড়ক উন্নয়ন প্রকল্প ঘিরে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা। কোথাও সড়কে বড় বড় গর্ত, কোথাও অরক্ষিত নির্মাণসামগ্রী, আবার কোথাও সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনীর ঘাটতি। যে কারণে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা যায় ছাতক থেকে গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার চার লেন সড়ক নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ৩৩ কোটি, ৩৩ লাখ, ৩৩ হাজার টাকারো বেশি। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। ছাতকবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কের নির্মাণকাজ চললেও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, পৌর এলাকার ব্যস্ততম সড়কে নির্মাণকাজ চললেও পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড ও রাতের নিরাপত্তাবাতির ব্যবস্থা নেই। কোথাও নির্মাণসামগ্রী ও ভারী যানবাহন অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। কাজে নিয়োজিত শ্রমিকদেরও নিরাপত্তা অভাব দেখা গেছে। আবার সিসি ঢালাইয়ের পর বেরিয়ে থাকা রড পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ উটেছে।
ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সড়কে তৈরি করা গর্ত দীর্ঘদিন ভরাট না করায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দূর থেকে এ গর্ত সহজে চোখে না পড়ায় সেটি এড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন চালক ও মোটরসাইকেল আরোহীরা। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে সিএনজিচালিত অটোরিকশা সহ কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। পৌরশহরের এ গড়তে পরে সম্প্রতি জাতীয় দৈনিক মানবকন্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি গুরুত্বর আহতে হয়েছেন। এ গর্তের কারনে রাস্তার এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিযোগিতা মুলক ভাবে চলাচল করছে দুইপাশের সকল প্রকার যানবাহন। যার জন্য বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
এছাড়া কাজের স্থানে এক পাশে সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও অন্য পাশে তা না থাকার অভিযোগও রয়েছে। কখনো কখনো এগুলাও বসানোই হয়না।
অন্যদিকে গোলচত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে ব্যয় হচ্ছে ১৬৪ কোটি টাকা। প্রতি কিলোমিটারে বরাদ্দ প্রায় ১৬ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল।
এ সড়কের ঝাওয়া এলাকা সহ বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন আটকে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। সেখানে কয়েকদিন পুর্বে শাফি নামের এক দুবাই প্রবাসি মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। পাশাপাশি রাস্তার সাইটে মাটি ভরাটের জন্য তিন-চার ফুট গভীর খনন করা হয়েছে। এসব স্থানে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনী না থাকার অভিযোগ রয়েছে। সতর্কতা মুলক সাইনবোর্ড না থাকায় যে কোন সময় যাত্রী ও মালবাহী যানবাহন গর্তে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটনা বা প্রাণহানি ঘটতে পারে বলে মনে করছেন চালকরা। রাস্তার দুই পাশে মাটি ও নির্মাণসামগ্রী অরক্ষিতভাবে ফেলে রাখায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাতে কুয়াশা ও ধুলাবালির কারণে এসব বিপজ্জনক স্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন সিএনজি,বাস, ট্টাক চালক সহ একাধিক মটরসাইকেল আরোহী ও যাত্রীরা। ধুলোবালি নিরসনে এসব স্থানে ব্যবহার করা হচ্ছে না পানি।
একই প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জ থেকে তেতইখালী নদী পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের কাজ নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি সড়কের অর্ধেকপাশে বালু-পাথর রেখে সড়কেই ঢালাইয়ের মাল মিশ্রণ করা হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যানজট ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
ড্রেনের ভিত্তি কাদামাটির ওপর ঢালাই করা সহ নির্ধারিত মাপ অনুসরণ না করে, বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ চালানোর অভিযোগ রয়েছে। এতে ড্রেনের স্থায়িত্ব ও পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সচেতন মহল বলছেন সড়ক নির্মাণে সতর্কতামূলক ব্যবস্থা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জননিরাপত্তার অপরিহার্য অংশ। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কারিগরি নির্দেশনা অনুযায়ী, নির্মাণকাজ চলাকালে যানবাহন, পথচারী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ঠিকাদারের দায়িত্ব। কাজের ধরন ও স্থান বিবেচনায় সামনে সড়ক নির্মাণকাজ চলছে, গতি নিয়ন্ত্রণ, রাস্তা সংকুচিত, লেন বন্ধ, বিকল্প পথ বা ডাইভারশন, বিপজ্জনক গর্ত,বামে ঘেঁষে বা এক পাশে চলুন এরকম চলাচলে বাধার বিষয়ে আগাম সতর্কতামূলক সাইনবোর্ড দিতে হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ব্যারিকেড, রিফ্লেকটিভ নির্দেশক, রাতের সতর্কতাবাতি ও ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশিক্ষিত কর্মী রাখার বিধান রয়েছে। শুধু একটি সাইনবোর্ড স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না; দিন-রাত সেগুলো দৃশ্যমান ও কার্যকর রাখাও জরুরি।
সওজের কারিগরি শর্ত অনুযায়ী, এসব নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করলে চুক্তির শর্ত অনুসারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে ঠিকাদারের পাশাপাশি প্রকল্পের প্রকৌশলী, পরামর্শক ও তদারকি কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে কাজের মান ও নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পরীক্ষা করা।
স্থানীয় চালক ও যাত্রীরা আশঙ্কা করছেন নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হলে যানজট ও ভোগান্তির পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা সহ ঘটতে পারে প্রাণহানির ঘটনা। তাঁদের প্রশ্ন, শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পে মানুষের নিরাপত্তা ও কাজের মান নিশ্চিত করার দায়িত্ব কার?
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্টান এমএম কিল্ডার্সের প্রজেক্ট ম্যানাজার রাহাত আহমদ দুর্ঘটনায় সাংবাদিক আহতের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন আপনাদের ফরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। এবং শিগগিরই গর্ত ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদারী প্রতিষ্টান ওটিবিলএলের প্রজেক্ট ম্যানাজার সজল আহমদ জানান ওয়ার্কাডার পেতে দেরী হয়েছে, দুদিন আগে পেয়েছি সেই অনুযায়ী রোডসাইন সহ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ড্রেনের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটিও সড়ানো হবে।
ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন জানান গর্তগুলা শিগগিরই ভরা হবে, অনেক বড় এরিয়া থাকায় একপাশে কাজ করলে অন্যপাশে যেতে দেরী হয়। এবং সতর্কতা মুলক সাইনবোর্ড ব্যবহারের জন্য এক্ষনি ঠিকাদারী প্রতিষ্টানকে বলে দিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026