


ডেস্ক নিউজ: ছাতক উপজেলায় মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফজল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরান নোয়াকুট গ্রামের জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ সকাল ১১টার দিকে মসজিদের হিসাব নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন সুনু মিয়ার ছেলে ফজল উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

