
মোঃ আবু সঈদ
সুনামগঞ্জের ছাতকে ‘হাওর বাঁচাও আন্দোলন’এর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. খালেদ মিয়াকে আহ্বায়ক এবং মো. ফজল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ৫টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক (ছাতক-দোয়ারাবাজার) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সঈদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মুশাহিদ আলী, ফারুক আহমদ নোমান ও আলী আহমদ। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নুর উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান জুয়েল, মো. আব্দুল ওয়াদুদ ও মো. তাজিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ছাতকের হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। এ সময় নবগঠিত কমিটির নেতারা কৃষকের অধিকার প্রতিষ্ঠা, হাওরের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় ও জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের পরামর্শ ও দিকনির্দেশনায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও নজরুল ইসলামের সুপারিশে নতুন এ আহ্বায়ক কমিটির প্রাথমিক অনুমোদন দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সঈদ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026