বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৬ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। একই সঙ্গে বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ ও স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ১৩০ নম্বর অনন্ত গোলাম আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন ও দীর্ঘদিনের দখলে থাকা প্রায় ৬৬ শতাংশ জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন স্থানীয় একটি পক্ষ। সম্প্রতি বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা মূল্যবান গাছও কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন জানান, বিদ্যালয়ের জমি ও গাছপালা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এবং সুন্দর পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি মহল নিজেদের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পত্তি দখলের চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলচেষ্টা বন্ধ না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অভিযোগে, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মৃত রফিক উল্লার ছেলে মতিউর রহমান, মহিবুর রহমান, জিয়াউর রহমান, মুজিবুর রহমান ও লুৎফুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাদের পক্ষে প্রতিনিধি হিসেবে ছেমেদ মিয়া ও ফুল মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্টকারী বা সম্পদ আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026