সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএর আওতাধীন নদীপথে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায়, শ্রমিক হয়রানি ও নির্যাতনের অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন নৌ-শ্রমিক ও মিনি স্টোন ক্রাশার মিল মালিকেরা।
রোববার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি ও নৌ-শ্রমিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা সাচনা বাজার–লালপুর গজারিয়া নৌপথে অতিরিক্ত টোল আদায় বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, সাচনা বাজার লঞ্চঘাট ও শুল্ক আদায় কেন্দ্রের ইজারাদার এবং ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া এলাকার এলসি ও বার্ডিং চার্জ আদায় কেন্দ্রের ইজারাদারের লোকজন নদীপথে বালু-পাথরবাহী নৌযান থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করছেন। তাঁদের দাবি, সরকারি নির্ধারিত হারে প্রতি ঘনফুট পাথরে ৫০ পয়সা এবং বালুতে ২৫ পয়সা টোল আদায়ের কথা থাকলেও পাথরের ক্ষেত্রে ২ টাকা ৮০ পয়সা এবং বালুর ক্ষেত্রে ১ টাকা ৩০ পয়সা পর্যন্ত আদায় করা হচ্ছে।
শ্রমিক ও ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, নির্ধারিত টোল আদায় কেন্দ্রের বাইরে নদীপথের বিভিন্ন স্থানে চলন্ত নৌযান থামিয়ে টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌযানের চালক ও শ্রমিকদের হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রসিদ না দিয়েও টাকা আদায়ের অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, অতিরিক্ত টোলের কারণে সুনামগঞ্জ-১ আসনের বিপুলসংখ্যক নৌ-শ্রমিক ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে নদীপথে টোল আদায়ের নামে হয়রানি ও অনিয়ম বন্ধ না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় পরিসরে সমাবেশ করার হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান।
মানববন্ধনে জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি হুসেন আলী লাল মিয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ব্যবসায়ী জয়দর আলী, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ নৌ-শ্রমিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে ইজারাদার ওয়াহেদ আলী আফিন্দি বলেন, সরকার যে হার নির্ধারণ করে দিয়েছে, সে অনুযায়ীই তাঁরা টোল আদায় করছেন। তাঁর দাবি, প্রতি ঘনফুট পাথরে ২ টাকা ৮০ পয়সা এবং বালুতে ৩০ পয়সা করে টোল নেওয়া হচ্ছে। তাঁদের ঘাটে অতিরিক্ত কোনো টোল আদায় করা হয় না।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, সাচনা বাজার–লালপুর গজারিয়া নৌপথে টোল আদায়ের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল। কেউ অতিরিক্ত টোল আদায় করলে বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026