নিজেস্ব প্রতিবেদক : মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা - হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার এ প্রতিপাদ্যে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাঁকজমক পূর্ণভাবে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাতক সমিতি সিলেট।
শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত ‘মেধার জয়োল্লাস ২০২৬’ অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তাদের হাতে সম্মাননা সনদ, নগদ অর্থ এবং আকর্ষণীয় উপহার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ছাতক সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক আবু তাহের মোহাম্মদ তারেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুদ রানা, শিক্ষাবিদ ছানাওর আলী কয়েছ, শামীম আহমদ, আ.ন.ম ওহিদ কনা মিয়া, রুহুল ফারুক ও অধ্যক্ষ সালেহ আহমদ।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিভিন্ন সম্পাদকমণ্ডলীর সদস্য, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষা ও মানবিক উন্নয়নে ছাতক সমিতি সিলেটের এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026