নিজস্ব প্রতিবেদক : দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা শাখার পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ রামাদ্বান) বাদ জোহর মাদ্রাসা হলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা কেন্দ্রের সভাপতি মো. সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ক্বারী মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আজিজ বলেন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে বিশ্বব্যাপী পবিত্র কুরআনের খেদমত ছড়িয়ে পড়েছে। রামাদ্বান মাসকে কেন্দ্র করে পবিত্র কুরআনের তিলাওয়াত ও শিক্ষাদানের যে কার্যক্রম হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব (রহ.) শুরু করেছিলেন, তা আজ বিশ্বজুড়ে সমাদৃত।
তিনি আরও বলেন, কোনো ধরনের সরকারি অনুদান বা পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রায় ৮০ বছর ধরে পরিচালিত এই খেদমত দারুল কিরাতকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মর্যাদা এনে দিয়েছে। চল্লিশের দশকে এক নূরানি ইশারায় হযরত ফুলতলী ছাহেব (রহ.) কোরআনের সহীহ তিলাওয়াত ও সঠিক পাঠ শিক্ষার প্রতি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তাঁর নিরলস প্রচেষ্টা ও নিষ্ঠার ফলেই ‘দারুল কিরাত’ প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ আব্দুস ছোবহান, শাখা কেন্দ্রের নাযিম মাওলানা মইজ উদ্দীন, প্রধান ক্বারী মাওলানা রামদ্বানুল হক, মাদ্রাসার সহকারী অধ্যাপক ও শাখার সহকারী শিক্ষক মুফতী মূয়ীনুল হক মুমিন এবং সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ।
খামিছ জামাতের শিক্ষার্থী মো. আবু সুফিয়ানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একই জামাতের শিক্ষার্থী আবু জাফর মো. গিলমান না‘তে রাসুল (সা.) পরিবেশন করেন। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ আমীমুল ইহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা কেন্দ্রের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আলিম, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা মিছবাহ উদ্দীন, ক্বারী আব্দুল লতিফ, মাওলানা জুয়েল আহমদ, হাফিজ ক্বারী সালমান আহমদ, ক্বারী আবু বকরসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।