দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ এবং মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে শ্যামারচর গ্রামের দুই মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করা হয়।
আটককৃতরা হলেন দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও তার ছেলে আকিল হোসেন (২০)। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতভর প্রায় দুই ঘণ্টার অভিযানে ভোর সাড়ে ৫টার দিকে শ্যামারচর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মদ ও নগদ অর্থসহ তাদের দিরাই থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল মিয়া ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসী একাধিকবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সফল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।