


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৭মে) দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেয়।
এ সময় ১০ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “সাখাওয়াত উল্যাহ মারুফ শিক্ষক নামের কলঙ্ক। আমরা চাই তাকে দ্রুত অপসারণ করে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষক মারুফের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ মানববন্ধনস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে নিশ্চিত থাকুন, উক্ত শিক্ষককে আপাতত বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।”
স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও, শিক্ষার্থীরা দাবি করেন দ্রুত সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে বিদ্যালয়ের পরিবেশে শিক্ষার সুষ্ঠু ধারা বজায় থাকে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

