মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করছিলেন। স্থানীয় স্বজনদের ভাষ্য, সকাল থেকেই ওই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ও আবহাওয়া প্রতিকূল ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহতদের ভাতিজা রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা ধান ক্ষেতে কাজ করতে যান। আবহাওয়া খারাপ থাকলেও তারা কাজ করছিলেন। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, বিধান বাছাড় স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। অপর ভাই মানিক বাছাড়ও স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026