পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:০১ পি.এম
পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের একটি বাসের চাপায় হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম দরগাপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হামিমের বাবা মো. শফিকুল ইসলাম ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক পার হয়ে পশ্চিম পাশের আঙিনার দিকে যাচ্ছিলেন। এ সময় তার পেছন পেছন শিশু হামিমও রাস্তা অতিক্রমের চেষ্টা করে। ঠিক তখনই পাঁচবিবির দিক থেকে আসা একটি পিকনিকের বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ রায়হান তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের জন্য তদন্ত চলছে। বাসটি শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান