
রবিউল ইসলাম
খুলনা জেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে যেন নতুন রূপে সেজেছিল শিল্পনগরী খুলনা। দীর্ঘদিনের পরিচিত শহরকে নতুন সাজে দেখে মুগ্ধ হয়েছেন নগরবাসী। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি, দেয়াল, সড়কের পাশ—সবখানেই এসেছে দৃশ্যমান পরিবর্তন। আর এই পরিবর্তন দেখে অনেক খুলনাবাসীর মুখে এখন একটাই কথা—মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন মাসে অন্তত একবার করে খুলনায় আসেন, আর এভাবেই যেন সুন্দর ও পরিচ্ছন্ন থাকে আমাদের প্রিয় খুলনা।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছিল ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম। দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে, বিভিন্ন স্থানের ময়লার ভাগাড় সরিয়ে ফেলা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা হয়েছে, ভাঙাচোরা রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় ফিরে এসেছে পরিচ্ছন্নতা ও স্বস্তির পরিবেশ।
শুধু রাস্তাঘাট পরিষ্কার কিংবা সংস্কারই নয়, শহরের সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সড়কের পাশ থেকে হকার ও অস্থায়ী স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন দেয়ালে নতুন করে রং করা হয়েছে, কোথাও কোথাও আঁকা হয়েছে দৃষ্টিনন্দন চিত্রকর্ম। শহরের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে লাগানো হয়েছে গাছপালা। সব মিলিয়ে খুলনা যেন নতুন সাজে সেজেছিল।
নগরীর এমন পরিবর্তন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, যে শহরকে প্রতিদিন নানা সমস্যা ও অপরিচ্ছন্নতার মধ্য দিয়ে দেখতে অভ্যস্ত ছিলেন, সেই শহরকেই এবার অনেকটা নতুন রূপে দেখা গেছে। পরিচ্ছন্ন রাস্তা, রঙিন দেয়াল, সুন্দর পরিবেশ ও সবুজায়নের উদ্যোগ নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষ হয়েছে, তিনি খুলনা ছেড়েও চলে গেছেন। এখন খুলনাবাসীর মনে সবচেয়ে বড় প্রশ্ন—এই সৌন্দর্য কি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করেই ছিল, নাকি আগামী দিনগুলোতেও তা ধরে রাখা হবে?
নগরবাসীর প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যাওয়ার পর যেন আবার আগের অবস্থায় ফিরে না যায় খুলনা। আবার যেন রাস্তার পাশে ময়লার স্তূপ জমে না ওঠে, পরিচ্ছন্ন সড়কগুলো যেন অপরিচ্ছন্ন হয়ে না পড়ে, দেয়ালের রং ও চিত্রকর্ম যেন নষ্ট না হয়। রাস্তার পাশে লাগানো গাছগুলো যেন নিয়মিত পরিচর্যা পায় এবং শহরের সৌন্দর্য যেন কোনোভাবেই হারিয়ে না যায়।
বিশেষ করে পরিচ্ছন্নতা কার্যক্রম যেন কয়েক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। সড়ক সংস্কার, ফুটপাতের শৃঙ্খলা, হকার ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং সবুজায়ন—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি প্রয়োজন। একই সঙ্গে নগরবাসীকেও নিজেদের শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।
অনেক নগরবাসী মজার ছলে বলছেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মাসে একবার করে খুলনায় আসতেন, তাহলে হয়তো প্রতি মাসেই নতুন করে সাজত আমাদের খুলনা! তবে তাঁদের এই কথার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা—মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি সফর ছাড়াও যেন খুলনাকে সব সময় এমন সুন্দর ও পরিচ্ছন্ন রাখা হয়।
খুলনা শুধু একটি শহর নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঐতিহ্য, আবেগ ও ভালোবাসার জায়গা। তাই এই নতুন রূপ যেন কয়েক দিনের অতিথি হয়ে না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষ হয়েছে, তিনি চলে গেছেন, কিন্তু রেখে যাওয়া পরিচ্ছন্নতা ও সৌন্দর্য যেন থেকে যায় বছরের পর বছর। খুলনাবাসীর প্রত্যাশা একটাই—মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাসে একবার করে খুলনায় আসুন, তবে তার চেয়েও বড় প্রত্যাশা, তিনি চলে যাওয়ার পরও যেন আমাদের প্রিয় খুলনা এমনই পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও প্রাণবন্ত থাকে। খুলনার এই নতুন রূপ যেন আর কখনো হারিয়ে না যায়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026