মোল্লারহাট-হদুয়া সড়ক দ্রুত সংস্কারের দাবি জোরালো - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ১১:৪৭ এ.এম
মোল্লারহাট-হদুয়া সড়ক দ্রুত সংস্কারের দাবি জোরালো
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট বেইলি ব্রিজ থেকে হদুয়া বাজার পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা, পানি ও অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এই সড়ক ব্যবহার করে মোল্লারহাট কলেজ ও রাজাবাড়িয়া স্কুলের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। বর্ষাকালে কাদা-পানির কারণে অনেক সময় তাদের নির্ধারিত সময়ে স্কুল-কলেজে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়কটি উন্নয়ন করা হলে শিক্ষার্থীসহ এলাকার হাজারো মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ পাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান