


নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি জলমহালে সংঘবদ্ধভাবে মাছ লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাউয়াজুরি জলমহালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইজারাদার ও স্থানীয়রা।
ইজারাদার গাজীনগর গ্রামের আঙ্গুর মিয়া জানান, চলতি অর্থবছরে উপজেলা প্রশাসনের কাছ থেকে তিনি ১৬ লাখ টাকায় এক বছরের জন্য জলমহালটির ইজারা নেন। ইজারা নেওয়ার পর মাছের পোনা অবমুক্তকরণ, পাহারাদার নিয়োগ ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত প্রায় ২৪ লাখ টাকা ব্যয় করেন। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের আগে মাছ আহরণ না করে তিনি সংরক্ষণ করে আসছিলেন এবং এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে মাছ ধরার প্রস্তুতি ছিল।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর শান্তিগঞ্জ ও পাশের উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক মানুষ জলমহালের চারপাশে জড়ো হন। পরে তারা দলবদ্ধভাবে জলমহালে নেমে আলো জ্বালিয়ে মাছ ধরতে শুরু করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় পাহারাদারেরা সংখ্যায় কম থাকায় বাধা দিতে পারেননি।
ইজারাদারের দাবি, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে মাছ লুট করা হয়েছে, ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ বলেন, এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

