


শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদীতে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ আটকে দিয়ে মাছ শিকার চেষ্টা করা হচ্ছে। উপজেলার জয়কলস ইউনিয়নের সদপুর এলাকার কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীর অংশে অবৈধভাবে বাঁধ দেওয়ার কাজ করছেন ইজারাদাররা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করলে কৃষি জমিতে পানি সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে কৃষকদের৷
সরজমিন গিয়ে দেখা যায়, নাইন্দা নদীর মাঝামাঝি অংশে লিজগ্রহীতা কামরূপদলং মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা মাছ শিকারের জন্য বাঁধ দেয়ার কাজ করছেন৷ নিয়ম অনুযায়ী, প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচল বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধান থাকলেও কোন কিছুর তোয়াক্কা করছেন না লিজগ্রহীতারা। গত বছরও নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করেছিলেন তারা। এরপর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আর তারা বাঁধ দিয়ে মাছ শিকার করতে পারেননি৷
স্থানীয় কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, প্রতিবছরই ইজারাদাররা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করে৷ এবারও করছে৷ যদি তারা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করে তাহলে কৃষি জমির সেচ নিয়ে আমাদের দুশ্চিন্তায় পড়তে হবে। পানি শুকিয়ে গেলে অনেক জমি অনাবাদি থেকে যাবে।
নদীতে বাঁধ দেয়ার ব্যাপারে কামরূপদলং মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সাধারণ সম্পাদক জমির হোসেনের মুঠোফোনে বারবার কল দিলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ আহরণের কোন নিয়ম নেই।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, আগামীকাল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

