


নিউজ ডেস্ক: শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের বিপরীতে তিনটি শোরুমে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে চোরেরা শোরুমের তালা ভেঙে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
এছাড়াও একটি মুদির দোকানে চুরির চেষ্টা করে চোরেরা। তবে মানুষের উপস্থিত টের পাওয়ায় চোরেরা মুদি দোকান থেকে কিছু চুরি করতে পারেনি।
চুরির শিকার হওয়া শোরুমগুলো হলো- লার্ক সুনামগঞ্জ শাখা, টেস্টি ট্রিট, ইনটেন্স ও আনিশা মুদি দোকান।
লার্ক আউটলেটের কর্মরত মো. তালহা বলেন, গতকাল আমরা শোরুম ক্লোজ করার আগে সারাদিনের সেলস ও আগের দিনের কিছু মিলে প্রায় ২ লক্ষ টাকা ক্যাশে রেখে গেছি। সকালে আমাদের কাছে খবর আসে আপনাদের দোকানে গ্লাস ও সাঁটারের তালা ভাঙা। এসে দেখি দোকানে চুরি হয়েছে। আমাদের একটি ল্যাপটপ, শোরুমের একটি মোবাইল ফোন ও ও ক্যাশে থাকা দুই লক্ষ টাকা চোরেরা নিয়ে গেছে।
টেস্টি ট্রিটে কর্মরত শুভ্র দাস বলেন, আমাদের রুলস মতো আমরা রাত সাড়ে ১১টায় দোকান ক্লোজ করে যাই। মঙ্গলবার সকাল সাতটায় এসে দেখি দোকানের সাঁটারের দুইটি তালা ভাঙা। আমাদের ক্যাশের টাকা এবং কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। চোরেরা আমাদের আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা ক্ষতি করেছে।
ইন্টেন্স ফ্যাশন হাউজের ম্যানেজার বলেন, সকালে এসে দেখি দোকানের সামনে সাঁটারের তালা ভাঙা। দোকানের ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
আনিশা মুদি দোকানের মালিক বলেন, ৪টি তালা ভেঙে চুরি চেষ্টা হয়েছে, তবে মানুষের উপস্থিত টের পাওয়ায় চোরেরা মুদি দোকান থেকে কিছু চুরি করতে পারেনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শুরু হয়েছে, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং চুরির সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

