হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: অপতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে কিশোরগঞ্জের হোসেনপুরে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকরাও নানা ধরনের সমালোচনা ও বদনামের শিকার হচ্ছেন। তাই ফ্যাক্টচেক ও এআই টুল ব্যবহারের মাধ্যমে দ্রুত অপতথ্য শনাক্ত করতে সাংবাদিকদের দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, সরকার বা রাষ্ট্রের ভুল-ভ্রান্তি গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য ও প্রমাণের ভিত্তিতে কাজ করতে হবে, অপপ্রচারের মাধ্যমে নয়। গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণে হোসেনপুর, পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদর উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদ তুলে দেন প্রতিমন্ত্রী।
তিন দিনের প্রশিক্ষণে মোবাইল জার্নালিজম, ভিডিও এডিটিং, তথ্য যাচাইয়ের কৌশল এবং সংবাদ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, পিআইবির সহযোগী সম্পাদক সাহানোয়ার সাঈদ শাহীন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026