1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব - Haworbarta
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি (হাডুডু) ধরে রাখতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দিনব্যাপী দাওয়াতি কাবাডি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। এতে শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার ৩৫টি দল অংশ নেয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ খেলাকে ঘিরে মাঠে জড়ো হন হাজারো কাবাডিপ্রেমী দর্শক। বগুলারকাড়া গ্রামবাসী ও যুবসমাজের যৌথ উদ্যোগে গত ২৫ বছর ধরে নিয়মিত এ আয়োজন হয়ে আসছে।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখা, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং আশপাশের গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোই এ উৎসবের মূল উদ্দেশ্য। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেও প্রতিবছর এ আয়োজন করা হয়।

বগুলারকাড়া যুবসমাজের সভাপতি ছুরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। এ ছাড়া আয়োজক কমিটির সদস্য ও রেফারি ওবায়দুর রহমান কুবাদ, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, রোকনুজ্জামান রুকন, জসিম উদ্দিন, রুবেল, উকিল আলী, নুরুল আমিন, জালাল, উজ্জল, গিয়াস উদ্দিন, ছাতক উপজেলার জাউয়াবাজারের বাদেশ্বরী গ্রামের আল মামুন শাহিন, আব্দুস সালাম এমরান ও মংলা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজক কমিটির সদস্য ও রেফারি ওবায়দুর রহমান কুবাদ বলেন, “পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে গত ২৫ বছর ধরে আমাদের গ্রামে এ খেলার আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

আয়োজক কমিটির সদস্য ও বগুলারকাড়া গ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন বলেন, “কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও বর্তমানে এ খেলার চর্চা অনেকটাই কমে গেছে। ঐতিহ্য ধরে রাখা এবং যুবসমাজকে মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখতে প্রতিবছরের মতো এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। বগুলারকাড়ার মানুষ দীর্ঘদিন ধরে পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করে আসছেন।” তিনি কাবাডি খেলার প্রসারে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সরকারি অনুদান ও পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি জানান।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলার প্রসার ঘটবে এবং নতুন প্রজন্মের মধ্যে কাবাডির প্রতি আগ্রহ বাড়বে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca