স্টাফ রিপোর্টার: ছাতক পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নীতিমালা প্রণয়ন, ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণ, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ।
বুধবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে স্মারকলিপির অনুলিপি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছাতক থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছেও হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি ছাতক শহরে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সাইফুর রহমান সাহেদ এবং ডা. এমরানুল বাশার অপুর মর্মান্তিক মৃত্যু জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়া শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ব্যবসায়ী নেতা সাইদুল হক মধু, হাজী আবুল হাসান, সৈয়দ লাল মিয়া, শরীফ হোসেন সুরুজ, আব্দুল মতিন, শংকর দাস, মামুন আহমেদসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
