

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে কুড়া নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক। অন্যদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। এসব জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর জাকির হোসাইন নামে একজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর সংযোগ সড়কসংলগ্ন উত্তর আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়া এবং কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছেন। এলাকাবাসীর এই দুর্ভোগের চিত্র তুলে ধরতে শনিবার সকালে ঘটনাস্থলে যায় আরটিভি এর একটি প্রতিনিধি দল। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জাকির হোসাইন সড়কের বেহাল দশা এবং জনদুর্ভোগের কথা তুলে ধরে টেলিভিশনটিতে সাক্ষাৎকার দেন। অভিযোগ রয়েছে, সাক্ষাৎকার দেওয়ার পরপরই কয়েকজন ব্যক্তি দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে জাকির হোসাইনকে উদ্দেশ্য করে ‘তুই এখানে কেন?’ বলে তাঁর ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় শিক্ষক লুৎফুর রহমান হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা তাঁর কথায় কর্ণপাত করেনি।
হামলার একপর্যায়ে এক ব্যক্তি ধারালো দা দিয়ে জাকিরের মাথার সামনের অংশে সজোরে আঘাত করে। এতে তাঁর মাথা কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে তিনি জানান।
পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় শিক্ষক লুৎফুর রহমানসহ অন্যরা তাঁকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসাইন গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বলেন, এ ঘটনা আমি শুনেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

