সুনামগঞ্জ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, হাওরাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুনামগঞ্জ জেলাজুড়ে একদিনে ২ হাজার ৬০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ’।
বুধবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচি সংগঠনের জেলা কমিটি, জেলার ১২টি উপজেলা ও ২৬টি ইউনিয়ন কমিটির উদ্যোগে একযোগে পরিচালিত হয়। এ সময় স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ বলেন, হাওর ও নদ-নদীর অস্তিত্ব রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা এবং জলবায়ু ঝুঁকি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়া, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভা বড়ালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, বাঁধবিষয়ক সম্পাদক শাহাজাহান সিদ্দিক, মহসিন আলম, পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপন এবং জেলা কমিটির সদস্য কর্ণবাবু দাস, গিলেমান আলম ও নুরজাহান নুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু চারা রোপণ ও বিতরণেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। রোপণ করা গাছের পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় তরুণদের সমন্বয়ে তদারকি দল গঠন করা হয়েছে। ভবিষ্যতেও হাওর, নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
