হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০ - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ১০:৩৯ পি.এম
হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল স্কুলবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার আয়োজন করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ি এলাকার দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান