

সুনামগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের অভিযোগে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার ১২টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলা কমান্ডার আব্দুস সোবাহান, শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, ছাতক উপজেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এবং মুক্তিযোদ্ধা সন্তান মো. সুহেল মিয়াসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ১৯৭১ সালে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের জন্য দেশের বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তারা বলেন, যুদ্ধাপরাধের মামলায় সাক্ষী হওয়ার কারণে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

