

রুয়েব আহমেদ:: ফজরের নামাজে দাঁড়িয়ে ছিলেন মুয়াজ্জিন। আর সেই সুযোগে মসজিদের কক্ষের দরজার শিক ও তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের তালুকদার বাড়ি জামে মসজিদে।
গত ১ নভেম্বরের এ ঘটনার প্রায় ১০ দিন পার হলেও চুরি যাওয়া মোবাইল দুটি উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মসজিদসংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে ফজরের আজান দেওয়ার পর মুয়াজ্জিন জামাতে নামাজ আদায় করতে যান। এ সময় তার কক্ষটি ফাঁকা থাকার সুযোগ নেয় দুর্বৃত্তরা। কক্ষের দরজার শিক ও তালা ভেঙে ভেতরে ঢুকে একটি বাটন ফোন ও একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় তারা।
নামাজ শেষে কক্ষে ফিরে দরজার তালা ভাঙা দেখতে পান মুয়াজ্জিন। পরে মোবাইল ফোন দুটি খুঁজে না পেয়ে বিষয়টি মসজিদ কর্তৃপক্ষ ও উপস্থিত মুসল্লিদের জানান।
মসজিদের মুতাওয়াল্লি শফিকুল মাস্টার বলেন, ‘ফজরের নামাজের সময় মুয়াজ্জিন কক্ষে না থাকার সুযোগে চুরির ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মসজিদের ক্যাশিয়ার আলাউদ্দীন বলেন, ‘মুয়াজ্জিন সাহেব নামাজরত থাকা অবস্থায় চোরেরা দরজার শিক ও তালা ভেঙে দুটি মোবাইল নিয়ে যায়। ঘটনার পরদিন শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোবাইল উদ্ধার হলে পুলিশ আমাদের জানাবে বলে জানিয়েছে।
মসজিদের ইমাম নুর আহমদ বলেন, পুলিশের পরামর্শ অনুযায়ী মসজিদ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এগোচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
ঘটনার পরদিন ‘শায়েক আকবর’ নামের একটি ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে একজন স্বল্প আয়ের মুয়াজ্জিনের মোবাইল চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারের দাবি জানানো হয়।
চুরির পরদিন মুয়াজ্জিন নিজেও তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, যারা তার মোবাইল ফোন চুরি করেছেন, তাদের বিচার তিনি আল্লাহর কাছে দিয়ে রেখেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই মুয়াজ্জিনের মাসিক বেতন মাত্র ৭ হাজার টাকা। এই সীমিত আয় দিয়েই তাকে পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসাসহ অন্যান্য ব্যয় নির্বাহ করতে হয়। ফলে দুটি মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে বিপাকে পড়েছেন।
ঘটনার পরদিনই তিনি শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও মোবাইল দুটি উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে।
ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী একজন স্বল্প আয়ের মুয়াজ্জিনের সঙ্গে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করা হোক।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

