

ছাতক প্রতিনিধি::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান সোহেলের উদ্যোগে স্থানীয় নাছিমপুর বাজারে এক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংপুর গ্রামের কৃতী সন্তান মিজানুর রহমান সোহেল ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সাজ্জাদুর রহমানের ছোট ভাই। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর আগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
বিএনপির নেতা মো. আলী নুরের সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, ৩,নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ ফয়াজ উদ্দিন, অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রহিমের পাড়া গ্রামের ইন্তিয়াজ আলী, নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির হোসেন, দৌলতপুর গ্রামের তরুণ সমাজকর্মী মো. রিপন আহমেদ, মন্তাজনগর গ্রামের শাহজাহান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি জালাল উদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হাসনাত, মো. শাহ আলম, নাছিমপুর বাজারের ব্যবসায়ী ওলিউর রহমান, মো. হোসেন আলী, দেলোয়ার হোসেন, লায়েক মিয়া, শরিফ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, নরসিংপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে যোগ্য, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, মিজানুর রহমান সোহেল জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী দিনে কার্যকর ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা বিনিময়কালে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান সোহেল বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতা প্রদর্শনের মঞ্চ নয়; এটি জনগণের আমানত এবং সেবার এক মহৎ দায়িত্ব। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া এবং অবহেলিত জনপদের উন্নয়নে নিরলসভাবে কাজ করাই একজন প্রকৃত জনপ্রতিনিধির প্রধান অঙ্গীকার হওয়া উচিত।
তিনি আরও বলেন, নরসিংপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। বিশেষ করে এলাকার যোগাযোগব্যবস্থার আমূল উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চান।
নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, বরং মানুষের অধিকার, প্রত্যাশা ও ন্যায্য দাবির সেবক হওয়ার জন্য। জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে নরসিংপুর ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।
সভায় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

