

স্টাফ রিপোর্টার, ঢাকা : দায়িত্ব গ্রহণের সোয়া তিন বছরের মাথায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে হস্তান্তর করা হয়।
প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন বিকেল ৪টা ২৫ মিনিটে বঙ্গভবন থেকে পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদে পৌঁছান। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তা গ্রহণ করেন।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি ব্রিফিং করার কথা রয়েছে।
মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তাকে অপসারণের দাবি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে ওঠে। বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচিও পালিত হয়। তবে তৎকালীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে রাষ্ট্রপতি পদে তাৎক্ষণিক পরিবর্তনের উদ্যোগ নেয়নি বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা ছিল।
পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনের পর রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়টি আবারও আলোচনায় আসে। এদিকে, গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের টেলিফোনে যোগাযোগ হয়েছিল বলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মহলে তথ্য প্রকাশ পায়। যদিও এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং অভিযোগগুলোর স্বাধীন যাচাই বা বিচারিক নিষ্পত্তির তথ্যও প্রকাশিত হয়নি।
সরকারি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে পদত্যাগের প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তার পদত্যাগের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে নতুন সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

