

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুফিয়ান আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার এসআই মল্লিকার নেতৃত্বে এসআরবি-৯-এর সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুফিয়ান আহমদ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ খাগাইল গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বোনের সঙ্গে সুফিয়ানের চাচাতো ভাইয়ের বিয়ে হওয়ার সুবাদে তাদের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেন ওই তরুণী।
পরবর্তীতে বিয়ের দাবি জানালে সুফিয়ান বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পাওয়ায় গত ৯ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
মামলায় সুফিয়ান আহমদকে প্রধান আসামি করে তার ভাই সুলতান আহমদ (৪০), বোন আম্বিয়া বেগম (৪৫) এবং বোন জামাই সুহেল মিয়াকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

