

মোঃ তাজিদুল ইসলাম:: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় লুৎফুর রহমান (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর আহমদের ছেলে। তিনি স্ব-পরিবারে স্থানীয় দিঘলী দত্তপুর গ্রামে বসবাস করতেন। পেশাগতভাবে তিনি গোবিন্দগঞ্জ এলাকার মেসার্স আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফিলিং স্টেশনের দায়িত্ব পালন শেষে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ সড়ক দিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান। পথে জাতুয়া এলাকায় পৌঁছালে সিলেটমুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০) নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান লুৎফুর রহমান।
এদিকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

