

শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের দুটি কেন্দ্রে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও বিজ্ঞান বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়ার উদ্যোগে এবং পরিষদের রাজস্ব আয় (হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক কর) থেকে প্রাপ্ত অর্থায়নে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়। আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় দুটি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাশ, অভিভাবক মো. সায়েম, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. সিতু মিয়া, পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুক আলী, মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম, ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও সুমন মিয়াসহ অন্যরা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া বলেন, একটি জাতির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়া। কয়েক বছর ধরে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আয় থেকে অর্থ ব্যয় করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকেরা সচেতন হয়ে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠালে প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। একসময় এ জনপদের নতুন প্রজন্ম উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামের অধিকাংশ নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। বিশুদ্ধ পানির সংকটে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নদী-নালা ও খাল-বিলের পানি পান করতে বাধ্য হচ্ছেন। এতে তাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও হিল্লোল চাকমা বলেন, শিক্ষার মানোন্নয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এ উদ্যোগ প্রশংসনীয়। হাওরবেষ্টিত সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রাথমিক পর্যায়ে এ ধরনের মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

