

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। হত্যাকাণ্ডের ঘটনায় কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মতিউর রহমান ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাশেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

