

মেরাজ বিন আশকর
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত আহম্মদ আলী খানের জ্যেষ্ঠ পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জন পর্যটক নিয়ে একটি হাউজবোট বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার বিকেলে হাউজবোটটি ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করলে পর্যটকরা গোসলের জন্য পানিতে নামেন।একপর্যায়ে আলী আকবর খান সাঁতার কাটতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যান।
ঘটনার পর সঙ্গে থাকা পর্যটক, স্থানীয় নৌকাচালক ও আশপাশের লোকজন উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনেন। পরে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটকদের নিয়ে আসা হাউজবোটটি নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে টাঙ্গুয়ার হাওরে আসে।
গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আকবর খানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

