রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লাউড়েরগরে ঘর থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্যছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নপ্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-মানবিকতার উৎসবদুই যুগ পর মিলল গোবিন্দগঞ্জ কলেজের বন্ধুরাফুলসাইন্দে গ্রামীণ কল্যাণের সামাজিক হাসপাতাল উদ্বোধন, সেবা পাবেন ৫০ হাজার মানুষছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের চাল বিতরণে অনিয়ম অভিযোগছাতকে চা বিক্রেতা বাবার মেয়ে পেলেন ৭৫ লাখ স্কলারশিপসুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

ফুলসাইন্দে গ্রামীণ কল্যাণের সামাজিক হাসপাতাল উদ্বোধন, সেবা পাবেন ৫০ হাজার মানুষ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নতুন করে স্বাস্থ্যসেবার দ্বার খুলেছে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘গ্রামীণ কল্যাণ ফুলসাইন্দ সামাজিক হাসপাতাল ও আঞ্চলিক অফিস’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতাল ও আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনউদ্দিন চৌধুরী, মেজর (অব.) খলিল বিন ওয়াহিদ এবং ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নতুন এই সামাজিক হাসপাতালের মাধ্যমে ফুলসাইন্দ ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার জন্য দূরবর্তী শহর বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি নারী ও প্রসূতি স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা, নাক-কান-গলা (ENT), ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া স্যাটেলাইট স্বাস্থ্যসেবা, বাড়ি-বাড়ি স্বাস্থ্যসেবা, ডিজিটাল স্বাস্থ্য পরামর্শ এবং সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুবিধাও পর্যায়ক্রমে চালু করা হবে।

গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য সহকারীরা নিয়মিতভাবে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশুসাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। কোনো রোগীর জটিলতা শনাক্ত হলে প্রয়োজন অনুযায়ী তাকে সামাজিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, ফুলসাইন্দে এ ধরনের একটি হাসপাতাল প্রতিষ্ঠা স্থানীয় মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। হাসপাতালটি চালু হওয়ায় তাঁর ইউনিয়নসহ আশপাশের এলাকার প্রায় ৫০ হাজার মানুষ স্থানীয়ভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। গ্রামীণ কল্যাণের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে ফুলসাইন্দে আঞ্চলিক অফিস চালু হওয়ায় সিলেট অঞ্চলে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় ও সম্প্রসারণ আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৯৯৬ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে গ্রামীণ কল্যাণ। বর্তমানে দেশের ৩৮টি জেলায় প্রতিষ্ঠানটির ১৫৩টি কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ফুলসাইন্দ সামাজিক হাসপাতালের মাধ্যমে গোলাপগঞ্জসহ সিলেটের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281