

সোহেল আহমদ সাজু
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে স্বপন কুমার বর্মনকে সভাপতি এবং বিজিৎ মৈত্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষক মিলনায়তন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন মাস্টার অঞ্জন কুমার দে। স্বাগত বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা মহিলা সম্পাদক জবা ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় পূজা উদযাপন পরিষদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার বর্মনকে সভাপতি ও বিজিৎ মৈত্রকে সাধারণ সম্পাদক করে নতুন দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, পূজামণ্ডপগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

