মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ড্রেন নিয়ে প্রকৌশলীর মন্তব্যে ক্ষোভ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অডিওতে শোনা যায়, মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের এক বাসিন্দা ড্রেন নির্মাণের অগ্রগতি জানতে চাইলে প্রকৌশলী বলেন, ‘এখন আর কোনো ড্রেন নেই, টেন্ডার হবে না।’ পরে বাসিন্দা প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা নিজেরাই ড্রেন করে নিন।’ কেন টেন্ডার হবে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারব না’, এরপর ফোনালাপ শেষ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অন্তত শতাধিক পরিবার জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল ব্যাহত হয়। এতে শিক্ষার্থী, মুসল্লি, নারী, শিশু ও বয়স্কসহ এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ির ব্যবহৃত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশেরও সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই বছর আগে ড্রেন নির্মাণের দাবিতে পৌরসভায় লিখিত আবেদন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একই সময়ে পৌরসভার অন্য এলাকায় একাধিক ড্রেন নির্মাণ হলেও তাদের এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়নের বাইরে রয়ে গেছে।

স্থানীয়রা জানান, তৎকালীন পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর প্রকল্পটি টেন্ডারে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তৎকালীন পৌর প্রশাসক সনজীব সরকারের নির্দেশনায় রাস্তার পাশের সরকারি জমি চিহ্নিত ও মাপজোখ করা হলেও এরপর আর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে দিরাই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য মুঠোফোনে বলেন, ‘আমি এখন হাসপাতালে আছি। পরে কথা বলব।’

দিরাই পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, নতুন দায়িত্ব গ্রহণের পর পৌরসভার প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে যেখানে উন্নয়নকাজ, বিশেষ করে ড্রেন নির্মাণ জরুরি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281