রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া এক নবজাতককে চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ছাতক ও শান্তিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ জুন উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে ৪-৫ দিন বয়সী এক ছেলে নবজাতককে উদ্ধার করেন সিএনজি চালক কাওসার আহমেদ। পরে তিনি শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে উপজেলা সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে দিলে শিশুটিকে দত্তক নিতে ১৩ জন আবেদন করেন।

অভিযোগ রয়েছে, গত ১১ জুন হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কাওসার আহমেদ নবজাতকটিকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা বিভাগ ও পুলিশ প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপর হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাওসার আহমেদ ও তার স্ত্রী কল্পনা বেগম নবজাতককে নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে এবং শান্তিগঞ্জ থানার সহযোগিতায় পরিচালিত অভিযানে প্রথমে কাওসার আহমেদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছাতক উপজেলার কালারুকা এলাকায় অভিযান চালিয়ে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে পুনরায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন বলেন, নবজাতকটিকে সমাজসেবা বিভাগের আওতায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান জানান, নবজাতকটির দত্তক গ্রহণে একাধিক আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, “দুই থানার সমন্বিত ও চ্যালেঞ্জিং অভিযানের মাধ্যমে নবজাতকটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন জানান, আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে একটি বোর্ড গঠন করা হবে। বোর্ডের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281