

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে চাল, নগদ অর্থ ও সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলার সাচনা বাজার ইউনিয়ন, ফেনারবাঁক ইউনিয়নসহ ছয়টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের এ সহায়তা প্রদান করা হচ্ছে। সাচনা বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী কৃষকদের হাতে ১৫ কেজি চাল, নগদ ৩ হাজার টাকা এবং সহায়তা কার্ড তুলে দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, জলাবদ্ধতায় ফসলহানির শিকার ৭৫০ জন কৃষক এ কর্মসূচির আওতায় রয়েছেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিলয় চন্দ্র কর, প্রশাসনিক কর্মকর্তা গুনেন্দ্র কুমার তালুকদার, যাচাই-বাছাই কমিটির সদস্য হাসান তালুকদার, ওসমান গণী ও নূরউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। তারা বলেন, জলাবদ্ধতায় ফসল নষ্ট হয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন। এ সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
অনুষ্ঠানে চেয়ারম্যান মাসুক মিয়া তালুকদার বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রতিবছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। এবার অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ব্যাপক ফসলহানি হয়েছে। ইউনিয়নে ২ হাজার ৭৫০টি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ১ হাজার ৫০০ জন কৃষকের তালিকা প্রণয়ন করা হয়। তবে বরাদ্দের সীমাবদ্ধতার কারণে ৭৫০ জন কৃষককে সহায়তার আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বরাদ্দ বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।
বিতরণ শেষে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষি উৎপাদন সচল রাখা ও কৃষকদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

