শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

প্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতায় মানবাধিকার সংগঠনের জিডি

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ঘটনায় প্রতারণার ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুল তথ্য ছড়িয়ে একজন সংগঠককে জড়ানোর অভিযোগও উঠেছে।

‎জানা যায়, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় কার্যালয়ের অফিস সেক্রেটারি ফয়জুল ইসলাম সামাদ সম্প্রতি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৩ মে ২০২৬ তারিখে কয়েকজন ব্যক্তি সমাজসেবা অফিসের অডিট অফিসার ও সিনিয়র অফিসার পরিচয়ে তার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করেন। তারা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় সরকারি সহায়তা প্রদানের কথা বলে অসহায় ও হতদরিদ্র পরিবারের তালিকা চান।

‎সরল বিশ্বাসে তিনি সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিকে ৫ জন করে নাম প্রস্তুতের জন্য বলেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করতে বলা হলে তারা গড়িমসি শুরু করে। এতে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে সমাজসেবা অফিসে যোগাযোগ করে জানা যায়, উল্লিখিত পরিচয়ের কোনো কর্মকর্তা সেখানে কর্মরত নেই। পরে বিষয়টি সংগঠনের প্রতিনিধিদের অবহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা প্রতিরোধে থানায় জিডি করা হয়।

‎এদিকে, সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ জানান, তিনি শুধুমাত্র ৫ জনের নাম প্রস্তুত করতে বলেছিলেন, কাউকে টাকা লেনদেনের নির্দেশ দেননি। তবে জেলা কমিটির সদস্য মোফাজ্জল হাসান ব্যক্তিগতভাবে প্রতারকদের কথায় বিশ্বাস করে টাকা প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।

‎আবু সঈদ বলেন, “আমি সবাইকে সতর্ক করেছিলাম যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করা হয়। কিন্তু আমাকে না জানিয়েই টাকা দেওয়া হয়েছে। পরে প্রতারণার শিকার হয়ে আমাকে জড়িয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার মিল নেই।”

‎তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করি।”

‎অন্যদিকে, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন খান বলেন, “প্রতি উপজেলা থেকে ৫ জনের নাম প্রস্তুতের কথা বলা হয়েছিল, কিন্তু কাউকে টাকা দিতে বলা হয়নি। পরে তথ্যটি ভুয়া বলে নিশ্চিত হওয়ার পর সবাইকে সতর্ক করা হয়। কিছু ব্যক্তি লোভের কারণে প্রতারকদের ফাঁদে পড়েছেন। এজন্য সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে দায়ী করা ঠিক হবে না।”

‎তিনি আরও বলেন, “সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদের ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো অনৈতিক ও বেআইনি।”

‎সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারি সুযোগ-সুবিধা বা অনুদানের নামে কেউ অর্থ দাবি করলে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281