

শহীদুল ইসলাম রেদুয়ান
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ জানায়, আস্তমা গ্রামের নজিব আলী ও আরিছ আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আস্তমা পয়েন্টে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে নজিব আলীর বাড়ির পাশের একটি মোবাইল টাওয়ারসংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় হামলা হয়।
সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত রুস্তম আলী (৩৫), পিতা—মৃত আলকাছ আলী,কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নজিব আলী (৭০), রাসেল আহমদ এবং জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

