

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মধ্য বাজার সহ পুরো পৌর এলাকার অলিতে-গলিতে, রাস্তার দুই পাশে এমনকি মাঝ রাস্তায় পড়ে আছে বড় বড় ময়লার স্তূপ। এ যেন দেখার কেউ নেই।
গত তিন দিন ধরে এসব ময়লা অপসারণ না করায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বাজারে আসা হাজার হাজার মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাক চেপে চলাচল করতে হচ্ছে সবাইকে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ময়লার এমন দুর্গন্ধে আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দিন পার করছি আমরা।”
আরেক পথচারী বলেন, “অনেক দূর থেকে বাজারে এসেছি, কিন্তু রাস্তায় এভাবে ময়লা পড়ে থাকায় হাঁটতেও অসুবিধা হচ্ছে।”
এ বিষয়ে হোসেনপুর পৌরসভার সচিব মোঃ হাবিবুর রহমান বলেন, “ময়লা ফেলার মতো নির্দিষ্ট জায়গা না পাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। পূর্বে যেখানে ময়লা ফেলা হতো, সেখানে নানা প্রতিবন্ধকতার কারণে এখন ফেলা যাচ্ছে না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ ৬ অক্টোবর বিকাল ৩টায় পৌর প্রশাসক, উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা ডাকা হয়েছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখিত।”
এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে ময়লার স্তূপ অপসারণ করে পৌর শহরকে পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী করা হোক।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

