

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের পাঁচ গ্রামের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে শুক্রবার (৫ জুন) বিকেলে বাউসা পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল ছোবলে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অনেক সম্ভাবনাময় তরুণ মাদকের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি এবং চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখা কঠিন হবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে পাঁচ গ্রামের সর্বস্তরের মানুষ একমত পোষণ করে বলেন, যে কোনো মূল্যে এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবন বন্ধ করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
ছাতক সদর ইউনিয়নের বাউসা, চাইরচিড়া, কেশবপুর, রংমঙ্গল ও বড়বাড়ি গ্রামের উদ্যোগে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মসজিদ কমিটির মুতাওয়াল্লি আব্দুর রহিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবু খালেদ, ৮নং ওয়ার্ড সদস্য আলী হোসেন, সাবেক ইউপি সদস্য মাস্টার আলাউদ্দিন, হাজী ইব্রাহিম আলী, মকছদুল হাসান আতর, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আমিন, স্থানীয় মুরব্বি আব্দুল গনী, মাস্টার আব্দুশ শহীদ, প্রবাসী আশিকুর রহমান, নিজাম উদ্দিন, আবুল ফজল, কারী আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, ইরন মিয়া, ইসরাইল মিয়া, লায়েক মিয়া, সাদিক আহমদ, সাহাব উদ্দিন সাবু, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান, কালা মিয়া, আজিজুল হক, যুবসমাজের পক্ষে দিলোয়ার হোসেন খান, তরিকুল ইসলামসহ স্থানীয় গ্রামবাসী, যুবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

