

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেটে এক নারীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় এক প্রেমিক-প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধামাইল শিল্পী পিকলু সরকার (৩০) ও তুষ্টি তালুকদার (২৮)। মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২৫ ও ২৭ ধারায় মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, আসামিদের নামে থাকা ফেসবুক আইডি থেকে বাদীর ছবি সংগ্রহ করা হয়। পরে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করে পিকলু সরকারের সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
এ ছাড়া সম্পাদিত অশ্লীল ছবি ও ভিডিও বাদীর স্বামী এবং পরিবারের সদস্যদের মোবাইল ফোনে পাঠানোরও অভিযোগ করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিলেট। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পিকলু সরকার ও তুষ্টি তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে পিকলু সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে পিকলু সরকার তুষ্টি তালুকদারকে তার প্রেমিকা বলে উল্লেখ করেন। তবে ভুক্তভোগী নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় তুষ্টির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
আদালত পিকলু সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
জানা যায়, পিকলু সরকারের বিরুদ্ধে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের টার্গেট করে অশ্লীল ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগ ছিল। এসব ঘটনায় মুচলেকা দিয়ে মুক্তি পেলেও তিনি একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই শেষে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

