সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

জলাবদ্ধতা নিরসনে ভালুকাবাসীর মানববন্ধন কর্মসূচি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও সংলগ্ন সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১ জুন) সকালে বিদ্যালয় সংলগ্ন সড়কে আয়োজিত এ মানববন্ধনে ভালুকা, ফুলহাড়ী ও ডেফলাই গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয় মাঠ ও সড়কের একটি অংশ জলাবদ্ধ হয়ে থাকায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়, ফলে বিদ্যালয়ে যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।

তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের সুযোগও সীমিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের চলাচলের জন্য সড়কটি সম্পূর্ণভাবে উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এলাকাবাসী তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281