

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে আবাসন প্রকল্পকে কেন্দ্র করে বিরোধ, বসতঘরে অগ্নিকাণ্ড এবং মামলা দায়েরের পর হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মুক্তা আহমদ। মঙ্গলবার গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মুক্তা আহমদ বলেন, ‘লেকভিউ গার্ডেন সিটি’ আবাসন প্রকল্পে মাটি কাটা ও ভরাটকে কেন্দ্র করে বিরোধের জেরে তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। পরে গত ১৭ আগস্ট ভোরে দুর্বৃত্তরা তাদের সাত কক্ষের বসতঘরে আগুন দেয় বলে দাবি করেন তিনি। এতে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রেকর্ড হয়েছে। তবে মামলা দায়েরের সময় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং আসামিপক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মুক্তা আহমদ ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

