

মেরাজ বিন আশকর
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার (৯ আগস্ট) পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস-২০২৬। এ উপলক্ষে উপজেলার রাজাই মিশন প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, মাননীয় সংসদ সদস্যের এপিএস বাবলুল হাসান বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্য দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ঐতিহ্যগত জ্ঞান ও সংস্কৃতি সংরক্ষণে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, আধুনিকতার প্রভাবে অনেক ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই নতুন প্রজন্মের কাছে আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি তা সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
পরে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

