

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। পরে ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দু রাজ্জাক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সদস্যসচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিন, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, এসআই সোহেল আহমেদ, দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউএনও সঞ্জীব সরকার বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, পর্যায়ক্রমে উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

