

এম আর সজিব
সুনামগঞ্জ সদর উপজেলার পৌরসভা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার উপকারভোগীর তালিকায় অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
রোববার (২৮ জুন) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কালীপুর ও হাসনবসত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও বর্গাচাষিদের বাদ দিয়ে বিত্তবান পরিবারের সদস্য, ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন পেশার লোকজনকে সরকারি সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, স্থানীয় পর্যায়ে তালিকা তৈরির সময় যথাযথ যাচাই-বাছাই করা হয়নি। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও ব্যক্তিগত সুপারিশের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, যাদের নিজস্ব কৃষিজমি নেই বা চলতি মৌসুমে কোনো আবাদ করেননি, এমন অনেকের নাম তালিকায় রয়েছে। অথচ হাওরে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের নাম বাদ পড়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, গত ২৫ জুন কালীপুর ও হাসনবসত এলাকায় তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণের পর তালিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়। সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে শিক্ষক, ব্যবসায়ীসহ কৃষিকাজের সঙ্গে সরাসরি যুক্ত নন—এমন ব্যক্তিদের নাম থাকার অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ফরিদ মিয়া, মতিবুর রহমান, উকিল মিয়া, তালেব মিয়া, আলাউদ্দিন, শফিকুল ইসলাম, বাউল হানিফ ও বদরুজ্জামানসহ স্থানীয় কৃষকরা।
বক্তারা জানান, অনিয়মের অভিযোগে তারা সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

