

সোহেল আহমদ সাজু
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ ও বস্তায় আদা চাষ সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলার নতুনপাড়ায় ভার্ড-এলআরপি-৪৩ প্রকল্প কার্যালয়ে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রকল্পের ১০ জন সার্কেল সদস্য অংশগ্রহণ করেন। কারিগরি সহযোগিতা দেয় বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিস।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি ভাসমান সবজি চাষ ও বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের হাতে চাষাবাদ বাস্তবায়নের জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া যৌথভাবে চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে ভার্ড-এলআরপি-৪৩ প্রকল্পের স্পন্সরশিপ অফিসার কামরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার রণি বণিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম সার্বিক সমন্বয় করেন।
বক্তারা বলেন, হাওর ও জলাবদ্ধ এলাকায় ভাসমান কৃষি প্রযুক্তি এবং বস্তায় আদা চাষ কৃষকদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

