

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আফতাব শাহরিয়ার মাহির (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত মাহির নান্দাইল উপজেলার মুসল্লী গ্রামের আব্দুল কাইয়ূম রেনু মিয়ার ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৩০মে) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বন্ধুদের মতো মোটরসাইকেল নেওয়ার জন্য বাবার কাছে দীর্ঘদিন ধরে জেদ করেন মাহির। একপর্যায়ে অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ করা এবং বাড়ি ছাড়ার হুমকিও দেন তিনি। পরে ছেলের জেদের কাছে নত হয়ে চার মাস আগে ২ লাখ ৭৫ হাজার টাকায় একটি সুজুকি জিএসএক্স মোটরসাইকেল কিনে দেন তার বাবা। কিন্তু সেই বাইকই চার মাসের মাথায় কেড়ে নিল তার প্রাণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে হারুয়ার দিকে যাচ্ছিলেন মাহির। চরহোসেনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাহিম সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন বাবা আব্দুল কাইয়ূম রেনু মিয়া। তিনি বলেন, ‘ছেলের আবদার মেটাতেই বাইকটা কিনে দিছিলাম, সেই আবদারই আজ আমার একমাত্র ছেলেকে চিরতরে কেড়ে নিল।’
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মোশারফ জানান, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

